
কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমানোর প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা চলার পর বিএনপির দিক থেকে পাল্টা রাজনৈতিক আক্রমণও দেখা গেছে।
রাজনৈতিক রেষারেষির বাইরে আসলেই নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার কথার পেছনে উদ্দেশ্য কী বা এর যৌক্তিকতা কতটুকু সেই প্রশ্ন তুলছেন অনেকে।
কর্মঘণ্টা কমিয়ে নারীদের অধিকার নিশ্চিত করা সম্ভব কি না, দেশের বিশাল এই শ্রমশক্তির কর্মঘণ্টা কমানো কিংবা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা অর্থনৈতিক দৃষ্টিতে কতটা যৌক্তিক–– এমন নানা বিষয় ঘুরেফিরেই আসছে সাধারণ মানুষের আলোচনার।
‘চটকদার’ বক্তব্য দিয়ে নারীদের হাতিয়ার করে ভোটের রাজনীতিতে এগিয়ে থাকার চেষ্টা চলছে কি না সেই প্রশ্নও উঠেছে।
তবে এ ধরনের অবস্থান আদতে নারীদের নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি করবে বলেই মনে করেন নারী অধিকারকর্মীরা। তারা বলছেন, নারীদের কর্মঘণ্টা না কমিয়ে বরং কর্মক্ষেত্রে বেতন, পদোন্নতিসহ নানা বিষয়ে তাদের প্রতি যে বৈষম্য রয়েছে, সেটি কীভাবে দূর করা যায় তা নিয়ে চিন্তা করা প্রয়োজন।News
