২৩৭টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা, ৬৩ আসন খালি কেন, বাদ পড়লেন কারা?

বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় নেই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় অনেক নেতার নাম

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে।

খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ আসন থেকে। অন্যদিকে, তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।

সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বেলা সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। কয়েক ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নেতাদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন, সেটি ওই বৈঠকেই ঠিক করা হয় বলে জানা যাচ্ছে। অক্টোবর মাস থেকেই সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছিল দলটি।

এদিকে, তিনশ’টি সংসদীয় আসনের মধ্যে ৬৩টি আসনে বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি। ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে বিবিসি বাংলাকে জানিয়েছে। আবার কিছু কিছু আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।

তবে ৬৩টি আসনের মধ্যে কতগুলোতে বিএনপি’র প্রার্থী দেওয়া হবে এবং কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

সোমবার ঘোষণা করা বিএনপি’র প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, বেগম সেলিমা রহমানসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি।

নেই একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও।

যদিও প্রার্থীদের নাম ঘোষণার সময়ই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এটি প্রাথমিক তালিকা। তিনি এটাও জানিয়েছেন যে, দল মনে করলে যেকোনো কারণে যেকোনো সংশোধনী আসতে পারে।News

Author

  • Al Wadud

    দৈনিক বাংলাদেশের জন্য কথা ।
    সত্যের সন্ধানে অবিচল।

More From Author

নির্বাচনে বিএনপির নেতৃত্ব কে দেবেন, জিতলে প্রধানমন্ত্রী হবেন কে

বিএনপির ২৩৭ প্রার্থীর তালিকা